Wednesday, July 22, 2026
Home‘সবার একই প্রশ্ন, অভিনয়ে নিয়মিত নই কেন?’

‘সবার একই প্রশ্ন, অভিনয়ে নিয়মিত নই কেন?’

দীর্ঘ পাঁচ বছর পর আবার নাটকে ফিরছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। এই সময়টায় অভিনয় থেকে দূরে থাকলেও দর্শক তাকে ভুলে যাননি। দেশে-বিদেশে যেখানেই গেছেন, প্রায় সবার মুখেই ছিল একই প্রশ্ন, ‘অভিনয়ে নিয়মিত নই কেন?’ সেই প্রশ্নের উত্তর, বিরতির কারণ এবং নতুন করে ফেরার গল্প নিয়ে কথা বলেছেন তিনি।

দর্শকের চাহিদা থাকা সত্ত্বেও প্রায় পাঁচ বছর নাটক থেকে দূরে ছিলেন। এই সময়ে শুধু নুহাশ হুমায়ূনের পরিচালনায় একটি ওটিটি প্রজেক্টে কাজ করেন। এবার পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে ফিরছেন তিনি।

অভিনয় থেকে বিরতির কারণ জানতে চাইলে শিমু বলেন, ‘মাঝে মা হয়েছি। সামনে আমার দুই সন্তানের বয়স তিন বছর হবে। মা হওয়া এবং ব্যক্তিগত কিছু কারণেই অভিনয় কমিয়ে দিয়েছিলাম। কোনো মান-অভিমান নয়। অভিনয়ই আমার সবচেয়ে ভালোবাসার জায়গা। এই সময়টা নিজেকে, পরিবারকে এবং সন্তানদের দিয়েছি।’

নতুন ধারাবাহিকে তিনি অভিনয় করছেন রোকাইয়া চরিত্রে। কেন এই নাটক দিয়েই ফেরা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। গল্পটা অন্যরকম, চরিত্রটিও ভালো লেগেছে। সব মিলিয়ে মনে হয়েছে, এই নাটক দিয়েই ফেরা যায়। মজার বিষয় হলো, বিরতিতে যাওয়ার আগে আমার শেষ নাটকের পরিচালকও ছিলেন রাজ।’

দীর্ঘদিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি জানাতে গিয়ে হাসতে হাসতে শিমু বলেন, ‘ভীষণ ভালো লাগছে। অভিনয় আমার ভালোবাসার জায়গা। এই পেশার কারণেই অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তাই এত বছর পর আবার ফিরতে পারছি—এটা অন্যরকম আনন্দের।’

অভিনয়ের বাইরে এই সময়টাকে তিনি কাজে লাগিয়েছেন নিজের পড়ালেখায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। পাশাপাশি নিয়মিত অন্যদের কাজও দেখেছেন। তার ভাষায়, ‘অভিনয় না করলেও অনেক ভালো কাজ দেখেছি। সময়টা সুন্দরই কেটেছে।’

গত কয়েক বছরে দর্শকের কাছ থেকে সবচেয়ে বেশি কোন প্রশ্ন শুনেছেন? জবাবে শিমু বলেন, ‘দেশে-বিদেশে যেখানেই গেছি, সবাই একটাই প্রশ্ন করেছেন—অভিনয় কম করেন কেন? নিয়মিত নন কেন? অনেকেই বলেছেন, আপনার নাটক খুব মিস করি। তখন বুঝেছি, দর্শক আমাকে ভুলে যাননি।’

তিনি বলেন, ‘মানুষ আমাকে মনে রেখেছেন—এটাই সবচেয়ে বড় পাওয়া। দর্শকদের ভালোবাসার শক্তি অনেক বড়। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।’

তবে নতুন করে কাজে ফিরলেও কিছুটা চাপ অনুভব করছেন তিনি। ‘ভালো লাগার পাশাপাশি একটু টেনশনও হচ্ছে। দর্শকদের যে প্রত্যাশা, সেটার মর্যাদা রাখতে চাই। সুন্দরভাবে অভিনয় করতে চাই, কাজটি যেন ভালোভাবে শেষ করতে পারি।’

এখন থেকে নিয়মিত অভিনয় করবেন কি না—এ প্রশ্নের জবাবে শিমু বলেন, ‘এখনই কিছু বলতে চাই না। আগে নাটকটির কাজ শেষ হোক, প্রচার হোক। দর্শকদের প্রতিক্রিয়ার ওপরও অনেক কিছু নির্ভর করছে।’

তবে অভিনয় চালিয়ে যেতে চান বলেই জানালেন তিনি। ‘মাধ্যম যাই হোক, গল্প আগে ভালো লাগতে হবে। তারপর চরিত্র। দুটোই পছন্দ হলে তবেই কাজ করার সিদ্ধান্ত নেব।’

দর্শকের আরেকটি মজার প্রশ্নের কথাও জানালেন সুমাইয়া শিমু। তিনি বলেন, ‘আমি ভ্রমণ করতে ভালোবাসি। বিদেশে গেলে ভিডিও করে ফেসবুকে শেয়ার করি। অনেকে মনে করেন আমি বিদেশেই থাকি। তাই প্রায়ই প্রশ্ন করেন—আপনি কি বিদেশে থাকেন? আসলে আমি তো দেশেই আছি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments