Wednesday, May 6, 2026
Homeখেলাসাফ নারী চ্যাম্পিয়নশিপের দলে অর্পিতা-মমিতা, বাদ স্বপ্না-মুনকি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের দলে অর্পিতা-মমিতা, বাদ স্বপ্না-মুনকি

আগামী ২৫ মে ভারতে শুরু হতে যাচ্ছে ২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপ। সেজন্য বুধবার ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডিফেন্ডার অর্পিতা বিশ্বাস ও মিডফিল্ডার মমিতা খাতুন। তবে বাদ পড়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়।

থাইল্যান্ডে ১৫ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করবে বর্তমান ও টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এজন্য আগামীকাল বৃহস্পতিবার ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়বে বাটলারের শিষ্যরা। এরপর ২১ মে সেখান থেকে সরাসরি ভারতের গোয়ায় যাবে তারা।

‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালদ্বীপ ও ভারত। শিরোপা ধরে রাখা এবং হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে এই আঞ্চলিক টুর্নামেন্ট শুরু করবে দলটি। এরপর ৩১ মে স্বাগতিক ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে তারা।

গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের জন্য ২৬ জন খেলোয়াড় নিয়ে গিয়েছিলেন ইংলিশ কোচ বাটলার। তবে এবার স্কোয়াড ছোট করে ২৩ জনে নামিয়ে এনেছেন তিনি। বাদ পড়াদের তালিকায় আছেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, মুনকি আক্তার, আলপি আক্তার, আইরিন খাতুন ও মোসাম্মৎ সুলতানা। এছাড়া, এসিএল চোটের কারণে ছিটকে গেছেন নবিরন খাতুন।

নবিরনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার সুরমা জান্নাত। পাশাপাশি চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের অধিনায়ক অর্পিতা ও মমিতা।

নবিরন প্রসঙ্গে বাটলার বলেন, ‘তার এসিএল চোট রয়েছে। সে খেলতে চায়, কিন্তু সে ফিট নয়— শতভাগ ফিট তো নয়ই।’ পাশাপাশি তিনি যোগ করেন, বাজে পারফরম্যান্সের কারণেই স্বপ্না, মুনকি ও শিখাসহ বাকিদের বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি স্বপ্না ও মুনকির পারফরম্যান্স বেশ খারাপ ছিল এবং তারা কাঙ্ক্ষিত পর্যায়ে খেলতে পারছে না। আশা করি, একদিন তারা বুঝতে পারবে যে, আমি তাদের উপকারই করছি। তাই তাদের দলের বাইরে রাখা হয়েছে। যুক্তিসঙ্গত কারণেই— বাজে পারফরম্যান্সের জন্য তারা দলের সঙ্গে অনুশীলন করছে না।’

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী বাটলার। তবে তিনি স্বীকার করেছেন যে, ভারতের মাটিতে এই কাজটা বেশ কঠিন চ্যালেঞ্জ হবে।

২৩ সদস্যের স্কোয়াড: রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments