Wednesday, April 29, 2026
Homeখেলা‘টস হওয়ার দুই-এক সেকেন্ড আগে বলা হলো যে আমি খেলব’

‘টস হওয়ার দুই-এক সেকেন্ড আগে বলা হলো যে আমি খেলব’

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে গত শুক্রবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল ২৬ রানে হারলেও বল হাতে দারুণ পারফরম্যান্স দেখান শরিফুল ইসলাম। মাত্র ২.৭০ ইকোনমিতে ২ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। তবে ম্যাচটিতে তার আসলে খেলার কথাই ছিল না।

আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান চোট পাওয়ায় শেষ মুহূর্তে কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, রোববারের সংবাদ সম্মেলনে সেই অভিজ্ঞতাই গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভাগ করে নেন শরিফুল। ম্যাচের আগে ওয়ার্ম-আপের সময় মোস্তাফিজ তার ডান হাঁটুতে হঠাৎ অস্বস্তি অনুভব করেন। ফলে একদম শেষ মুহূর্তে বাংলাদেশের একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট।

হঠাৎ একাদশে সুযোগ পাওয়া এবং তখনকার মানসিক প্রস্তুতি নিয়ে জানতে চাওয়া হলে শরিফুল বলেন, ‘টস হওয়ার হয়তো দুই-এক সেকেন্ড আগে আমাকে বলা হলো যে, আমি খেলব। রিশাদ (হোসেন) তখন বলল, “হয়তো তোমার রিজিকে আছে।” আমি ওভাবেই প্রস্তুতি নিয়েছি, তারপর রান-আপ মেপেছি, ওয়ার্ম-আপ বোলিং করেছি। কাজেই আলহামদুলিল্লাহ… আল্লাহ রিজিকে রেখেছিল, তার জন্য আর কী…।’

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মোস্তাফিজ এখন ভালো বোধ করছেন এবং তার কোনো শারীরিক অস্বস্তি নেই। ফলে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করা সত্ত্বেও মোস্তাফিজ ফিট হয়ে গেলে শরিফুলকে একাদশের বাইরে চলে যেতে হতে পারে। তবে দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্তের জন্য মানসিকভাবে প্রস্তুত এই পেসার।

আগামীকাল সোমবার কিউইদের বিপক্ষে একই ভেন্যুতে বাঁচা-মরার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামতে হবে টাইগারদের। তার আগে একাদশে সুযোগ পাওয়া-না পাওয়া নিয়ে শরিফুল বলেন, ‘সবশেষ ওয়ানডে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে (২০২৪ সালের ডিসেম্বরে)… তারপর একটা বিরতি ছিল। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের বাইরে ছিলাম। তবে আমি সব সময় বেসিক কাজগুলা করার চেষ্টা করি আর সুযোগ এলে ভালো করার চেষ্টা করি। নিজের সঙ্গে লড়াই করেছি। সুযোগটা যখন এসেছে, ভালো করার চেষ্টা করেছি।’

নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকে দিয়েও জিততে না পারায় যদিও হতাশা গোপন করেননি তিনি, ‘আমি ব্যক্তিগতভাবে মোটামুটি একটা বোলিং করেছি, তবে দিনশেষে আমরা ম্যাচটা হেরেছি। সেক্ষেত্রে অবশ্যই খারাপ লাগার একটা বিষয় আছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments