Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকমার্কিন প্রতিনিধি দল আসার আগেই ইসলামাবাদ ছাড়লেন আরাঘচি

মার্কিন প্রতিনিধি দল আসার আগেই ইসলামাবাদ ছাড়লেন আরাঘচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ইসলামাবাদ ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ শনিবার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য তিনি শুক্রবার সেখানে পৌঁছেছিলেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এর প্রায় দুই সপ্তাহ আগে পাকিস্তানের রাজধানীতে ওয়াশিংটন ও তেহরান প্রথম দফার সরাসরি আলোচনা করে। তবে এখনো দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়নি।

এদিকে এএফপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধি দল শনিবারই ইসলামাবাদ সফর করতে পারেন।

তবে তেহরান জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই।

ইসলামাবাদ সফরকালে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন বলে জানায় এএফপি। মধ্যস্থতা প্রচেষ্টায় এই দুই নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় অংশ নিতে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সফরে যাচ্ছেন না। তবে প্রয়োজন হলে তিনি ‘প্রস্তুত’ আছেন বলে জানিয়েছেন লেভিট।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই আরাঘচির। ইসলামাবাদ কেবল ইরানের প্রস্তাব ‘পৌঁছে দেওয়ার’ একটি সেতু হিসেবে কাজ করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments