Wednesday, April 29, 2026
Homeসারাদেশরাজশাহীতে কলেজের প্রদর্শককে লাঞ্ছনা, স্থানীয় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীতে কলেজের প্রদর্শককে লাঞ্ছনা, স্থানীয় বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে পরীক্ষা চলাকালীন শিক্ষকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই কলেজের এক প্রদর্শককে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে, যদিও পরীক্ষাকেন্দ্রের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত আলী কলেজ ক্যাম্পাসের একটি কক্ষের ভেতরে প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে জুতা দিয়ে পেটাচ্ছেন।

কলেজ সূত্রে জানা গেছে, অভিযুক্ত হামলাকারীরা হলেন স্থানীয় বিএনপি নেতা আকবর আলী, আফাজ আলী ও শাহাদাত আলী।

কলেজ সূত্র আরও জানায়, দুপুর ১২টার দিকে সাত-আটজন ব্যক্তি অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে একটি স্থানীয় সমাবেশের জন্য চাঁদা দাবি করেন এবং সাবেক অধ্যক্ষের মেয়াদের আর্থিক হিসাবের নথিপত্র দেখতে চান।

প্রদর্শক আলেয়া ঘটনাটি তার ফোনে রেকর্ড করতে শুরু করেন। অভিযোগ, শাহাদাত তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি তাকে চড় মারেন। তখন শাহাদাত তার স্যান্ডেল খুলে তাকে মারধর করেন।

এই ঘটনার পর ওই প্রদর্শক ক্যাম্পাসে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফাজ আলীর ওপর হামলা চালান বলেও অভিযোগ উঠেছে। একটি ভিডিওতে দেখা যায়, ওই প্রদর্শক কলেজের মাঠে এক ব্যক্তিকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।

এর কিছুক্ষণ পরই বিএনপি নেতাকর্মীরা অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ আরও কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালান এবং অফিসকক্ষ ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই হামলায় অধ্যক্ষ আবদুর রাজ্জাক, প্রদর্শক আলেয়া ও অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আলেয়া দাবি করেন, ওই নেতাকর্মীরা চাঁদাবাজির অংশ হিসেবে বারবার আর্থিক হিসাব চেয়ে আসছিলেন। তিনি বলেন, ‘আমি অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তারা আমার ওপর হামলা চালায়।’

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যাকে দেখা গেছে, মন্তব্যের জন্য সেই শাহাদাত আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারা কথিত অনিয়ম ও দুর্নীতির জবাবদিহিতা চেয়েছিলেন। তার অভিযোগ, আলেয়াই প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছিলেন, যার ফলে পরিস্থিতির অবনতি হয়।

এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ও নীতি পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যক্ষ রাজ্জাক বলেন, চার মাস আগে তিনি কলেজে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির বিভিন্ন গ্রুপ টাকা দাবি করে আসছিল এবং তিনি তা দিতে অস্বীকার করার পর উত্তেজনা তৈরি হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, অস্থিরতার আশঙ্কায় পুলিশ সেখানে উপস্থিত ছিল। তারা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেছে। তিনি বলেন, ‘তবে কিছু লোক জোরপূর্বক ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।’ 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments