Sunday, May 3, 2026
Homeসারাদেশট্রাফিক মামলার নোটিশ উপেক্ষা করলে ব্যবস্থা নেবে ডিএমপি

ট্রাফিক মামলার নোটিশ উপেক্ষা করলে ব্যবস্থা নেবে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সিসিটিভি ও ভিডিও ফুটেজের ভিত্তিতে জারি করা ট্রাফিক মামলার নোটিশে সাড়া না দেওয়া যানবাহনের মালিক বা চালকদের বিরুদ্ধে সমন বা গ্রেপ্তারি পরোয়ানাসহ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে।

আজ রোববার ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মো. সরওয়ারের সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভি ও ভিডিও ফুটেজ ব্যবহার করে ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে মামলা করা শুরু করেছে ডিএমপি। সেইসঙ্গে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে ডাকযোগে মামলার নোটিশ পাঠানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রের মাধ্যমে ধারণ করা হচ্ছে এবং তা যানবাহনের মালিক বা চালকদের নিবন্ধিত ঠিকানায় পাঠানো হচ্ছে।

নোটিশ পাওয়ার পর মালিক বা চালকদের ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে নির্ধারিত জরিমানা পরিশোধ করে মামলার নিষ্পত্তি করতে হবে। তা না করলে ডিএমপির বিশেষ মহানগর ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে সমন বা গ্রেপ্তারি পরোয়ানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়, সিসিটিভিভিত্তিক ট্রাফিক মামলার নামে অর্থ আদায় বা ব্যক্তিগত তথ্য চাওয়ার চেষ্টা করতে পারে এমন প্রতারকদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন বা তথ্য আদান-প্রদান না করতে। এমন ঘটনা ঘটলে কাছের থানা বা ট্রাফিক বিভাগে জানানোর জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানায়, সম্প্রতি রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন শনাক্তকরণ সফটওয়্যারসংবলিত এআইভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এসব ক্যামেরার ফুটেজ ব্যবহার করে লালবাতি অমান্য করা, স্টপ লাইন অতিক্রম করা, উল্টো পথে গাড়ি চালানো, অবৈধভাবে যাত্রী ওঠানো-নামানো, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অবৈধ পার্কিং ও বাম লেন অবরোধসহ বিভিন্ন অপরাধে ডিজিটালভাবে মামলা পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments