Thursday, July 23, 2026
Homeসুযোগ পাচ্ছেন না পাজ-বার্কো, নকআউটে অভিজ্ঞদের ওপরই ভরসা স্কালোনির

সুযোগ পাচ্ছেন না পাজ-বার্কো, নকআউটে অভিজ্ঞদের ওপরই ভরসা স্কালোনির

চলতি বিশ্বকাপে নকআউট পর্বে দুই ম্যাচেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়ের পর মিসরের বিপক্ষে শেষ ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই ম্যাচে বারবার বেঞ্চের অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যবহার করলেও সুযোগ মেলেনি দারুণ ফর্মে বিশ্বকাপে আসা তরুণ নিকোলাস পাজ ও ভ্যালেন্তিন বার্কোর।

সামাজিক যোগাযোগমাধ্যমে দুই তরুণকে মাঠে নামানোর দাবি জোরালো হলেও স্কালোনি এখন পর্যন্ত ভরসা রেখেছেন নিজের পরীক্ষিত সৈনিকদের ওপর। মিসরের বিপক্ষে তিনি বদলি হিসেবে নামিয়েছেন নিকোলাস গনসালেস, হুলিয়ান আলভারেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো ও গনসালো মন্তিয়েলকে। আর কেপ ভার্দের বিপক্ষে খেলিয়েছেন গনসালেস, লাউতারো মার্তিনেজ, মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি ও ফাকুন্দো মেদিনাকে।

এর পেছনের কারণও স্পষ্ট। নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। তাই এই পর্যায়ে অভিজ্ঞ ও নিয়মিত খেলা ফুটবলারদের ওপরই বেশি আস্থা রাখছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।

তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে, যখন আর্জেন্টিনা আগেই গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশ নিশ্চিত করেছিল, তখন পুরোপুরি বিকল্প একাদশ খেলিয়েছিলেন স্কালোনি। সেই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন পাজ। পরে বদলি হিসেবে মাঠে নামেন বার্কো ও তৃতীয় পছন্দের স্ট্রাইকার হোসে লোপেসও।

কিন্তু নকআউট পর্বে সেই সুযোগ আর মিলছে না। বর্তমান পরিস্থিতিতে মনে করা হচ্ছে, বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা যদি আগেভাগেই ফল নিশ্চিত করতে না পারে, তাহলে পাজ ও বার্কোর খেলার সম্ভাবনা খুবই কম।

এর বড় কারণ, পাজকে মূলত লিওনেল মেসির বিকল্প হিসেবে ভাবা হয়। অথচ মেসি প্রায় প্রতিটি ম্যাচেই পূর্ণ সময় খেলেছেন। শুধু আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর এবং জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

অন্যদিকে বার্কোকে মিডফিল্ডের বিকল্প হিসেবে দেখা হলেও এই মুহূর্তে তিনি জিওভানি লো সেলসোরও পেছনে আছেন। যদিও লো সেলসো শেষ দুই নকআউট ম্যাচে মাঠে নামেননি, তবু প্রতিবারই ওয়ার্মআপ করেছেন এবং কোচের পরিকল্পনায় রয়েছেন। জর্ডানের বিপক্ষে তার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ফলে ভবিষ্যতে প্রয়োজন হলে স্কালোনির প্রথম পছন্দ হওয়ার সম্ভাবনা বেশি তারই।

বার্কোর আগে মিডফিল্ডে এজেকুয়েল পালাসিওসও রয়েছেন স্কালোনির বিবেচনায়।

আক্রমণভাগে স্কালোনির প্রথম সারির বদলি হিসেবে আছেন নিকোলাস গনসালেস, যিনি জর্ডান ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচেই খেলেছেন। এছাড়া শুরুর একাদশে না থাকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজ সবসময়ই কোচের প্রথম বিকল্প। সর্বশেষ একাদশ থেকে জায়গা হারানো থিয়াগো আলমাদাকেও এই তালিকায় রাখা যায়।

অনেকে ধারণা করেছিলেন, দিয়েগো সিমেওনের ছেলে হুলিয়ানো সিমেওনে আরও বেশি সুযোগ পাবেন। কিন্তু এখন পর্যন্ত সেই সুযোগও আসেনি।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments