Thursday, July 23, 2026
Homeঅপরাধবংশালে অগ্নিকাণ্ডে যুবক নিহত, দগ্ধ আরও ১

বংশালে অগ্নিকাণ্ডে যুবক নিহত, দগ্ধ আরও ১

রাজধানীর বংশাল এলাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩)।

আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে বংশাল থানার মুকিম বাজার এলাকায় চুড়িওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে একটি চারতলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

দেলোয়ারের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক।

মুকিম বাজারে ‘বাইক পার্ক সেন্টার’ নামে একটি মোটরসাইকেল গ্যারেজ মালিক ছিলেন দেলোয়ার। তার গ্যারেজের কর্মচারী তুষার ইসলাম রিফাত হাসপাতালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, দেলোয়ার বাড়িটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং নিচতলায় ছিল তার ব্যবসায়িক গোডাউন। দেলোয়ারের খালাতো ভাই নাজমুলও তার দোকানে কাজ করেন।

রিফাত বলেন, ভোররাতে নিচতলায় বিকট শব্দ পেয়ে তারা দুজন নিচে নেমে আসেন। সে সময় ওই ঘরে হঠাৎ আগুন ধরে যায়। এলাকাবাসী নাজমুলকে বের করতে পারলেও দেলোয়ার ভেতরে আটকা পড়েন। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মীরা দেলোয়ারের মরদেহ উদ্ধার করে।

রিফাতের দাবি, বাড়ির মালিক দোতলায় থাকেন। তাদের গ্যাস সিলিন্ডার থাকতো নিচতলার গোডাউনে। পাইপের মাধ্যমে দোতলায় রান্না ঘরে গ্যাস সরবরাহ হতো। সেই সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। নাজমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

‘ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে,’ বলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments