Friday, July 24, 2026
Homeম্যাচ জিতে কেন সাবেক ইংলিশ অধিনায়ককে ‘বেকুব’ বললেন রোমেরো?

ম্যাচ জিতে কেন সাবেক ইংলিশ অধিনায়ককে ‘বেকুব’ বললেন রোমেরো?

হাইভোল্টেজ সেমিফাইনালের আগে দুই আর্জেন্টাইন সেন্টারব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের পারফরম্যান্সের সমালোচনা করেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক গ্যারি নেভিল। ম্যাচের আগে এটি নিয়ে টুঁ শব্দটিও করেননি দুই আর্জেন্টাইন। তবে নেভিলের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর আর চুপ থাকেননি রোমেরো। নেভিলকে রীতিমতো ধুয়ে দিয়েছেন টটেনহামে খেলা এই ডিফেন্ডার। 

নেভিল বলেছিলেন, ‘রোমেরো আর লিসান্দ্রোকে দেখলে মনে হয়, প্রতি ম্যাচেই তারা একটি করে গোল উপহার দেবে। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে চাপালেই তারা সম্পূর্ণ বদলে যায়। তখন তারা প্রতিটি হেড জেতে, সর্বত্র ছুটে বেড়ায় এবং অসাধারণ খেলতে থাকে। জাতীয় দলের হয়ে তাদের মধ্যে অন্যরকম কিছু দেখা যায়’।

সাবেক এই ইংলিশ ডিফেন্ডার আরও বলেছিলেন, ‘আমি তাদের বিশ্বের সেরা-সবচেয়ে বাজে সেন্টার-ব্যাক জুটি বলি। কারণ কখনও তারা অসাধারণ, আবার পরের মুহূর্তেই অবিশ্বাস্য ভুল করে বসে’। 

নেভিলের এমন মন্তব্য যে ভালোভাবে নেননি দুজনের কেউই, ম্যাচের পর সেটি স্পষ্ট করে দিয়েছেন দুই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টাইন স্পোর্টস নেটওয়ার্ক টিওয়াইসি স্পোর্টস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডিস্পোর্টসকে দেয়া ছোট সাক্ষাৎকারে রোমেরো শুরুতে বলেছেন, ‘আমরা বিরক্ত হয়েছিলাম। ইংল্যান্ডে খেলার আগে তারা অনেক বেশি কথা বলে। ম্যাচ শেষে এখন আমরা তাদের শুভেচ্ছা জানাচ্ছি। তারা নিশ্চয়ই খুশি এখন’। 

এরপরই নেভিলকে সরাসরি ‘বেকুব’ আখ্যা দিয়ে ধারাভাষ্যকক্ষে বসে সাবেক খেলোয়াড়দের সমালোচনা করার স্বভাব নিয়েই প্রশ্ন তুলেছেন রোমেরো, ‘আমি আশা করি যখন আমি অবসর নেবো, তখন নেভিলের মতো এমন বেকুব হবো না যে মাঠে খেলতে থাকা কোনো ফুটবলারের সমালোচনা করব। মাঠে সবাই নিজের সেরাটা দিতেই নামে। কোনো দিন পরিস্থিতি ভালো যেতে পারে, আবার কোনোদিন খারাপও যেতে পারে’। 

রোমেরোর সেন্টারব্যাক জুটি লিসান্দ্রোও চুপ থাকেননি। যে ক্লাবে খেলে কিংবদন্তির মর্যাদা পেয়েছেন নেভিল, সেই ম্যানচেস্টার ইউনাইটেডেই খেলা লিসান্দ্রো বলেছেন, এমন সমালোচনা শুনে শুনে তারা অভ্যস্ত হয়ে গেছেন, ‘আমরা এসবে অভ্যস্ত। তারা আমাদের নিয়ে কথা বলতে পছন্দ করে। তবে আমরা মাঠে খেলেই জবাব দিতে পছন্দ করি’। 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments