বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন গতিময় পেসার নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১৭ জুলাই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে চোটে (সাইড স্ট্রেইন) পড়েন রানা। এরপর থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সফরে তার অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
জিম্বাবুয়ে সফর শেষে গত বুধবার দেশে ফেরার পর রানার স্ক্যান করানো হয়, যার ফল সেই শঙ্কাকেই বাস্তবে রূপ দিয়েছে। শনিবার দ্য ডেইলি স্টারকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না রানার।’

