Friday, May 1, 2026
Homeখেলাঅবনমন এড়াতে মরিয়া টটেনহ্যাম, ‘মানসিকতা’ বদলাতে খুঁজছে মনোবিদ

অবনমন এড়াতে মরিয়া টটেনহ্যাম, ‘মানসিকতা’ বদলাতে খুঁজছে মনোবিদ

একজন ‘লিড সাইকোলজিস্ট’ বা প্রধান মনোবিদ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ভীষণভাবে ধুঁকতে থাকা টটেনহ্যাম হটস্পার। এর আগে দলটির কোচ রবার্তো দি জার্বি মন্তব্য করেছেন যে, বর্তমানে তাদের ‘মানসিকতা পরিবর্তন’ করা অত্যন্ত জরুরি।

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ১৫ ম্যাচে জয়হীন রয়েছে ছন্দ একেবারে হারিয়ে ফেলা স্পার্সরা। বর্তমানে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে নেমে অবনমনের শঙ্কায় পড়েছে তারা। ৩৩ ম্যাচে ৭ জয় ও ১০ ড্রয়ে ক্লাবটির অর্জন স্রেফ ৩১ পয়েন্ট।

গত মার্চের শেষদিকে চলতি মৌসুমে টটেনহ্যামের তৃতীয় প্রধান কোচ হিসেবে দি জার্বি দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর দুই ম্যাচে তিনি কেবল ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছেন। ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, তার কাজ হলো খেলোয়াড়দের মধ্যে ‘সঠিক মানসিকতা’ তৈরি করা। ক্লাব কর্তৃপক্ষও তার এই লক্ষ্য পূরণে পদক্ষেপ নিচ্ছে বলে লক্ষ করা যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে পোস্ট করা একটি বিজ্ঞপ্তিতে লন্ডনের দলটি জানিয়েছে, তারা একজন ‘অসাধারণ পারফরম্যান্স সাইকোলজিস্ট’ খুঁজছেন, যিনি ‘সেরা খেলোয়াড়দের তথ্য-প্রমাণ ভিত্তিক মনস্তাত্ত্বিক সহায়তা’ প্রদান করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এই পদের আওতায় খেলোয়াড়দের ব্যক্তিগত সহায়তা প্রদান, কোচিং ও পারফরম্যান্স বিষয়ক কর্মীদের সাথে সমন্বিতভাবে কাজ করা এবং পুরো দলে একটি মনোবিজ্ঞানসম্মত পারফরম্যান্স সংস্কৃতি গড়ে তোলার কাজ অন্তর্ভুক্ত থাকবে। এই পদের জন্য এমন একজন পেশাদার প্রয়োজন— যিনি নির্ভরযোগ্য, বিচক্ষণ ও প্রিমিয়ার লিগের পরিবেশে অত্যন্ত কার্যকর এবং যিনি খেলোয়াড় ও কোচদের আস্থা অর্জন করার পাশাপাশি ফুটবলের সর্বোচ্চ স্তরে কাঙ্ক্ষিত পেশাদারিত্ব বজায় রাখতে সক্ষম হবেন।’

এবারের মৌসুমের প্রিমিয়ার লিগে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি আছে স্পার্সদের। এই প্রতিযোগিতায় ২০২৬ সালে তারা এখন পর্যন্ত নিজেদের মাঠে কোনো ম্যাচ জিততে পারেনি। টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে তাদের সর্বশেষ জয়টি এসেছিল গত ৬ ডিসেম্বর ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

গত ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের মাঠে ১-০ গোলে হারের পর ডিফেন্ডার মিকি ফন ডি ফেন স্বীকার করেছিলেন যে, বর্তমান ফর্ম মেনে নেওয়া ‘মানসিকভাবে কঠিন’ এবং খেলোয়াড়রা ‘কষ্ট পাচ্ছে’।

প্রিমিয়ার লিগে টটেনহ্যামের সর্বশেষ জয়টি এসেছিল গত ২৮ ডিসেম্বর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। বাকি থাকা ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষরা হলো উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, অ্যাস্টন ভিলা, চেলসি, লিডস ইউনাইটেড ও এভারটন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments