এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
আজ রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চলে।
মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকেরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
তারা সুপ্রিম কোর্টের এজলাসে সংবাদকর্মীদের প্রবেশের ওপর কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। একইসঙ্গে তারা বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ প্রকাশের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় এসআরএফ সভাপতি মাসউদুর রহমান রানা বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি থেকে সাংবাদিকদের এজলাসে প্রবেশ করতে না দেওয়ায় তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে এজলাসে প্রবেশের অনুমতি দেওয়া না হলে সাংবাদিকরা সংবাদ পরিবেশন বয়কট করবেন।
অনুষ্ঠানে এসআরএফ সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এবং কার্যনির্বাহী সদস্য মাজহারুল হক মান্নাও বক্তব্য দেন।

