Wednesday, May 6, 2026
Homeবিনোদনএত দর্শক কেন দেখছে এই ধারাবাহিক?

এত দর্শক কেন দেখছে এই ধারাবাহিক?

একটি ধারাবাহিক নাটক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম, চায়ের আড্ডাসহ নানা জায়াগায় কথা হচ্ছে। দীর্ঘদিন এ ধরনের আলোচনা শোনা যেত না। নাটক নিয়ে দর্শকরা তেমন কথা বলতো না। তবে নাটক দেখার পুরনো ঐতিহ্য যেন ফিরিয়ে এনেছে ‘এটা আমাদেরই গল্প’।

এই নাটকের একেকটা পর্ব দেখার জন্য দর্শক অপেক্ষা করেছেন। দেখার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রতিটা পর্ব প্রচারের কয়েক ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ হয়েছে ইউটিউবে।

আলোচিত এই নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। কয়েকবছর আগে তার ‘ফ্যামিলি ক্রাইসিস’ ভালো সাড়া ফেলেছিল।

কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ কেন এতটা জনপ্রিয় হলো, এটা আমাদেরই গল্প?

দেশের টেলিভিশন, ইউটিউবে পারিবারিক গল্পের নাটক খুব একটা দেখা যায় না। দর্শক বলছেন, এই ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি গল্প ও চরিত্রের মধ্যে সবাই নিজেদের ছায়া খুঁজে পান।

নাটকটি পাকিস্তানি সিরিয়াল ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের পারিবারিক সংস্কৃতিকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে। গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয় এই নাটকের জনপ্রিয়তার অন্যতম কারণ। গল্পে  পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে।

এ কারণেই এত বেশি দর্শক এই নাটকটি দেখছেন।

অভিনয়শিল্পীদের অনেকেই এখন তাদের আসল নামের পরিবর্তে নাটকের চরিত্রের নামে পরিচিতি পেয়েছেন। তাদের মধ্যে আছেন গল্পের মূল চার চরিত্র ফাহাদ, সামির, মেহরীন ও সায়রা। তাদের পরিবারকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে।

ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার। গল্পে তারা আপন দুই ভাই। ফাহাদের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে সামির, তার নাম মেহরীন। এ চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ফাহাদের স্ত্রী সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। তাদের এখন মানুষ চরিত্রের নাম ধরে ডাকে।

এই নাটকের কারণে জাতীয় ফুপু হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী দীপা খন্দকার।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার স্বপ্নের একটি কাজ  এটা আমাদেরই গল্প। আমার ভালো লাগছে যে, এটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি। দর্শকেরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অনেক  ভালোবাসা দিয়েছেন, সে কারণে তাদের ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। যখন দেখি, দর্শক গল্পটার সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে যাচ্ছে যে তারা হাসছে, কাঁদছে, তখন মনে হয় আমাদের পরিশ্রম সার্থক। আমি গল্প বলার চেষ্টা করেছি। আমরা কোনো বাড়াবাড়ি করিনি, জীবনের কাছাকাছি থেকেছি। মানুষের নিজের গল্প, নিজের পরিবার, ওটাই হয়তো দর্শককে টেনেছে।’

দর্শকদের মন জয়ের যাত্রা থামছে ৫২তম পর্বে। আগামী ৮ মে বিকেল ৩টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে আসবে শেষ পর্ব।  দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট। ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে নাটকটি।

এই ধারাবাহিকে আরও অভিনয় করেছেন—নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। গান লিখেছেন মাহমুদ মানজুর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments