Wednesday, May 6, 2026
Homeখেলাথামছেন না বাবর, খেলবেন সব ফরম্যাটেই

থামছেন না বাবর, খেলবেন সব ফরম্যাটেই

পাকিস্তান সুপার লিগের শিরোপা জয়ের আনন্দ এখন টাটকা, আর সেই উচ্ছ্বাসের মাঝেই নিজের ভবিষ্যৎ নিয়ে একেবারে পরিষ্কার বার্তা দিলেন বাবর আজম। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক ক্রিকেটার যেখানে নির্দিষ্ট ফরম্যাট বেছে নেওয়ার পথে হাঁটছেন, সেখানে বাবরের অবস্থান ঠিক উল্টো। তিনি খেলতে চান তিন ফরম্যাটেই, সমান গুরুত্ব নিয়ে।

রোববার পেশোয়ার জালমিকে শিরোপা এনে দেওয়ার পর ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে পাঁচ উইকেটে হারানোর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠতেই থামিয়ে দেন বাবর। ফরম্যাট বেছে নেওয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে বলেন, ‘চিন্তা করবেন না, আমি তিন ফরম্যাটেই খেলব। কোন ফরম্যাট খেলব বা খেলব না, সেটা খেলোয়াড়ের সিদ্ধান্ত নয়। খেলোয়াড়ের কাজ হচ্ছে খেলা।’

লাল বলের ক্রিকেটের গুরুত্ব নিয়েও জোরালোভাবে কথা বলেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, টেস্ট ক্রিকেটই একজন ব্যাটসম্যানের প্রকৃত ভিত্তি গড়ে দেয়। ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং দীর্ঘ ইনিংস গড়ার সক্ষমতা, এই গুণগুলো লাল বল থেকেই আসে, যা সাদা বলের ক্রিকেটেও সমানভাবে কাজে লাগে। বাবর মনে করেন, প্রতিটি ক্রিকেটারেরই সব ধরনের ক্রিকেট খেলা উচিত, কারণ লাল বলের অভিজ্ঞতা একজন খেলোয়াড়কে পরিপূর্ণ করে তোলে।

জালমির শিরোপা জয় প্রসঙ্গে বাবর বলেন, ‘দেরিতে হলেও ভালো। কখনো কিছু দেরিতে আসে, আবার কখনো খুব দ্রুত ঘটে।’ তার নেতৃত্বে দলটি যেভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছে, সেটি ছিল দৃঢ়তা ও বিশ্বাসেরই প্রতিফলন।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও এবারের আসরে ছিলেন সবার ওপরে। ১১ ম্যাচে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি, আর একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি সেঞ্চুরি। তবুও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাবর। তার মতে, নিজের প্রত্যাশা অনুযায়ী সবসময় দিতে পারেননি।

তিনি বলেন, ‘আমি অবশ্যই নিজের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে এমনটা হয়। আপনি সব চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো জিনিসগুলো আপনার পক্ষে যায় না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কঠিন সময় পার করলেও পরিবার, বন্ধু ও কোচদের সমর্থন তাকে আবার আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে বলে জানান বাবর। সেই সময়টা পেছনে ফেলে নিজের ভুলগুলো শুধরে নেওয়া, টেকনিক ঠিক করা এবং স্বাভাবিক খেলায় ফেরার দিকেই মনোযোগ দেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments