Wednesday, July 22, 2026
Homeঅপরাধছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, দেবিদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, দেবিদ্বারে শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার খাতা দশম শ্রেণির এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং ওই ছাত্র মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সকালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব (পরীক্ষক) পেয়েছিলেন। তবে তিনি নিজে খাতা মূল্যায়ন না করে তার বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসানকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করাচ্ছিলেন।

সম্প্রতি এই খাতা মূল্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসলে তিনি ঘটনার দ্রুত তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অভিযুক্ত শিক্ষক মো. বাচ্চু মিয়া ও শিক্ষার্থী মেহেদী হাসানের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই রাতে অভিযানে নামে পুলিশ।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments