Friday, July 24, 2026
Homeনভেম্বরে বাংলাদেশে হবে সাফ ফুটবলের আসর

নভেম্বরে বাংলাদেশে হবে সাফ ফুটবলের আসর

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু। দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় বসবে এই আসর।

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সবকটি সদস্য দেশই এই আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হবে। এরপর ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফের আনুষ্ঠানিক ড্র।

এই ঘোষণার পর সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। বিগত বছরগুলোতে অঞ্চলের ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এই আসর।’

ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ হওয়ার পরপরই এই ঘোষণাটি দক্ষিণ এশিয়ার ফুটবল অনুরাগী ও সমর্থকদের জন্য নতুন উদ্দীপনা তৈরি করেছে।

আয়োজক হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা নিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের কারণে আয়োজক হিসেবে তাদের নাম নিশ্চিত হওয়াটা অত্যন্ত রোমাঞ্চকর। আমরা আশা করি বাংলাদেশ একটি জাঁকজমকপূর্ণ ও সফল টুর্নামেন্ট উপহার দেবে, যা খেলোয়াড় ও সমর্থকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’

আগামী দিনগুলোতে টুর্নামেন্ট কেন্দ্রিক বেশ কিছু আপডেট ও ইভেন্ট প্রকাশের কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত একগুচ্ছ কার্যক্রম ও ইভেন্টের বিস্তারিত প্রকাশ করব। আরেকটি অবিস্মরণীয় টুর্নামেন্টের কাউন্টডাউন শুরু হওয়ায় আমাদের সমর্থকদের উৎসাহ ও উত্তেজনা আমাদের মতোই থাকবে বলে আশা করি।’

২০২৬ সালের এই আসরটি হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম সংস্করণ। ২০১৮ সালের পর এবারই প্রথম বাংলাদেশে ফিরছে সাফের এই ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, যা আঞ্চলিক এই আসরকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments