Friday, May 1, 2026
Homeসারাদেশপুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট, ৪ ঘণ্টা পর উদ্ধার

পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট, ৪ ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের একটি শটগান লুট করে।

উপজেলার পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পরে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে ভোর সোয়া ৬টার দিকে একই এলাকার একটি গাছের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আজ শুক্রবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানের সময় বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন আহত হন।

তাদের ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী।

জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘রাতে তিন যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে টহলে থাকা এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি দল প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে যায়।’

‘পুলিশের উপস্থিত টের পেয়ে ১০-১৫ জনের ছিনতাইকারী দলটি ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে কনস্টেবল ফয়সাল ও এএসআই সোহেল রানা গুরুতর জখম হন,’ বলেন ওসি।

পরে পুলিশের আরেকটি দল খবর পেয়ে আহত ২ পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।’

তবে, আজ দুপুর ১টা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি।

উল্লেখ্য, গত ৯ মার্চ শহরের নিতাইগঞ্জে নগরভবনের সামনে বঙ্গবন্ধু সড়কে পুলিশের পোশাক পরা এক সদস্যের মোটরসাইকেল থামিয়ে ধারালো অস্ত্রের মুখে তার সরকারি পিস্তল ছিনতাই করে ৩ যুবক। পরে অস্ত্রটি উদ্ধার করা হয় ও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার এক সপ্তাহ না পেরোতেই ১৫ মার্চ শহরের উকিলপাড়া রেললাইনে মাদকবিরোধী অভিযানে মাদক চোরাকারবারিদের মারধরের শিকার হন রেল পুলিশের ২ সদস্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments