Wednesday, April 29, 2026
Homeখেলাবাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে কিছুটা অবাক ফক্সক্রফট

বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে কিছুটা অবাক ফক্সক্রফট

শেষ ১০ ওভারে ম্যাচ জিততে দরকার ছিল ৬৭ রান, হাতে ৬ উইকেট। মুঠোয় থাকা এই সমীকরণ ক্রমশ হয়ে গেল কঠিন; জড়তায় ভরা ব্যাটিংয়ে শেষের ধসে শেষ ওভার পর্যন্তও গেল না ম্যাচ। ভালো অবস্থা থেকেও রক্ষণশীল ঘরানায় খেলে পথ হারানো বাংলাদেশের ব্যাটিংয়ের ধরনে কিছুটা অবাক হয়েছেন নিউজিল্যান্ডের জয়ের নায়ক ডিন ফক্সক্রফটও।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার প্রথম ওয়ানডেতে ২৬ রানে জিতেছে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে গিয়ে মাঝের ওভারগুলোতে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন দেখে কিছুটা অবাক হয়েছেন কিউই এই অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের করা ২৪৭ রান তাড়া করতে গিয়ে শুরুতে বাংলাদেশ বেশ ভালো অবস্থানেই ছিল। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও লিটন দাসের ৯৩ রানের জুটির ওপর ভর করে ২৩ ওভারে ৩ উইকেটে ১১৫ রান তুলে ফেলেছিল দল। কিন্তু এরপরই হুট করে বাউন্ডারি আসা বন্ধ হয়ে যায়। ২৪তম থেকে ৩৯তম ওভার পর্যন্ত টানা ৯১টি বল খেলে কোনো বাউন্ডারি মারতে পারেননি বাংলাদেশি ব্যাটাররা। হাতে উইকেট থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত হার মানতে হয় বাংলাদেশকে।

নিউজিল্যান্ডের ৫৮ বলে ৫৯ রান ও ২৫ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা ফক্সক্রফট সংবাদ সম্মেলনে বলেন, ‘বাংলাদেশ, হ্যাঁ (কিছুটা অবাক)… উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’

উইকেটে কখনো বল দ্রুত আসছিল, আবার কখনো একদম ধীর হয়ে যাচ্ছিল। তাওহিদ হৃদয় এক প্রান্ত আগলে রাখলেও শেষ দিকে সঙ্গী হিসেবে কেবল বোলারদের পাওয়ায় চাপ সামলাতে পারেননি।

ফক্সক্রফট আরও বলেন, ‘বাংলাদেশ হয়তো জয়ের খুব কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারত।’

এদিন আফিফ হোসেনের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। ৪৯ বল খেলে কোনো বাউন্ডারি ছাড়াই ২৭ রান করেন তিনি। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করা সাইফ হাসান অবশ্য ব্যাটারদের রক্ষণাত্মক হওয়ার পেছনে একটি কারণ দেখিয়েছেন, ‘আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করছিল, তখন হয়তো এরপরে ভালো ব্যাটার নেই—এমন চিন্তা থেকে তারা কিছুটা সাবধানে খেলেছে। তারা দুজনই ভালো ব্যাটার। আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। সে আর কিছুক্ষণ থাকতে পারলে ফল অন্যরকম হতে পারত।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments