Thursday, July 23, 2026
Homeঅপরাধবিদ্যুৎহীন ৩ দিন: দুর্ভোগে জাপান গার্ডেন সিটির বাসিন্দারা

বিদ্যুৎহীন ৩ দিন: দুর্ভোগে জাপান গার্ডেন সিটির বাসিন্দারা

তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির হাজারো বাসিন্দা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহও ব্যাহত হয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন বাসিন্দারা।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জানিয়েছে, জাপান গার্ডেন সিটির নিজস্ব ৩৩ কেভি সাবস্টেশনের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাসিন্দারা জানান, গত ৭ জুলাই রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর আর সংযোগ চালু হয়নি। পানি শেষ হয়ে আসায় গরমে শিশু, বয়স্ক ব্যক্তি ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে চরম কষ্টে দিন কাটছে।

সংকট দ্রুত সমাধানে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

জানতে চাইলে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কে কোনো ত্রুটি নেই। সমস্যা জাপান গার্ডেন সিটির নিজস্ব সাবস্টেশনে। তাদের একটি ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিয়েছে। ডিপিডিসি সিস্টেমটি পরিদর্শন করেছে এবং আবাসিক এলাকার কর্তৃপক্ষের অনুরোধে সংযোগ চালু করার চেষ্টা করেছে দুইবার। তবে অভ্যন্তরীণ সিস্টেম মেরামত না করায় সমস্যার সমাধান হয়নি।

তিনি বলেন, আমরা তাদের সাবস্টেশনটি ঠিক করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আমাদের জানাতে বলেছি। তারা মেরামত কাজের জন্য কারিগরি লোক এনেছে এবং আমাদের দল সব ধরনের কারিগরি সহায়তা দিচ্ছে।

‘অভ্যন্তরীণ ত্রুটি সমাধান হওয়ার পর বিদ্যুৎ পুনরায় চালু করতে সহায়তার জন্য ডিপিডিসি আরেকটি ট্রান্সফরমারও প্রস্তুত রেখেছে’, বলেন ইমরান আলী।

এ বিষয়ে জানতে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামানকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ জানান, বাসিন্দাদের দুর্ভোগের কথা জানতে পেরে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, জাপান গার্ডেন সিটির ৩৩ কেভি সংযোগ পয়েন্ট পর্যন্ত ডিপিডিসি স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে। তবে আবাসিক এলাকার নিজস্ব ট্রান্সফরমার বিকল হওয়ায় ভেতরে বিদ্যুৎ বিতরণ বন্ধ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, জনদুর্ভোগ কমাতে ডিপিডিসি একই সক্ষমতার একটি ট্রান্সফরমার সাময়িক ভাড়া দিতে প্রস্তুত রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বাসিন্দাদের এই দুর্ভোগ গ্রহণযোগ্য নয়। যেহেতু ডিপিডিসি প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত, তাই সংকট সমাধানে ব্যবস্থাপনা কমিটির দ্রুত সিদ্ধান্ত ও সমন্বয় প্রয়োজন। বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়।

জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এলাকায় পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে। আমি নিজে পরিস্থিতি তদারকি করছি।

প্রকৌশলীরা ত্রুটিপূর্ণ ট্রান্সফরমারটি মেরামতের চেষ্টা করছে বলে জানান তিনি। 
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments