Wednesday, April 29, 2026
Homeসারাদেশভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে ময়লার স্তূপ

ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে ময়লার স্তূপ

সংরক্ষিত বনের ভেতর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ভাগাড় তৈরির বিরুদ্ধে বন বিভাগের আপত্তির মধ্যেই এবার ভাওয়াল জাতীয় উদ্যানের মূল ফটকের সামনে রাতের আঁধারে বর্জ্য ফেলা হয়েছে।

আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন উদ্যানের ফটকের সামনে ময়লার স্তূপ দেখতে পান পার্কের কর্মীরা।

ভাওয়াল জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করা হয়েছে।’

পার্ক কর্তৃপক্ষ জানায়, গত রাতে কোনো একসময় ট্রাকে করে সেখানে বর্জ্য ফেলে যাওয়া হয়েছে বলে তাদের ধারণা। মহাসড়কে দ্রুতগামী যানবাহনের চাকায় লেগে ময়লা ছড়িয়ে পড়ছে, চারপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। বর্জ্যের স্তূপের কারণে কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারছে না। বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।

রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলাম আরও বলেন, ‘ময়লার ভাগাড় নির্মাণ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে আমাদের চিঠি আদান-প্রদান ও আইনি প্রক্রিয়া চলছে। এর মধ্যেই এই ঘটনা ঘটল। আমরা ধারণা করছি, এগুলো গাজীপুর সিটি করপোরেশনেরই বর্জ্য এবং তাদেরই কেউ এ কাজ করেছে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ইতিমধ্যে আমার লোকজনকে সেখান থেকে বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছি। কে বা কারা এই ময়লা ফেলেছে, তা বের করার চেষ্টা চলছে। যে-ই ফেলে থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments