Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, পরিবারের উদ্বেগ

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগ।

দেশটির এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি। দুজনের বয়সই ২৭। গত বৃহস্পতিবার তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করা লিমনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।

অন্যদিকে, রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

পুলিশ বলছে, এই দুই শিক্ষার্থী একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন।

তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার জানিয়েছে, তাদের এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা স্বভাববিরুদ্ধ।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ এনবিসি নিউজকে বলেন, ‘লিমন খুব দায়িত্বশীল মানুষ। কাউকে না জানিয়ে তার কোথাও চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।’

বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্তও সংবাদমাধ্যমটিকে জানান, তার বোন প্রতিদিন পরিবারের সঙ্গে কথা বলতেন এবং নিখোঁজ হওয়ার দিনও তার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা হয়েছে।

‘সে এমন কিছুই করবে না, যা আমাদের কষ্ট দেবে’, বলেন তিনি।

এনবিসি জানিয়েছে, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ, আইপ্যাড ও অন্যান্য জিনিস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রেখে যান, কেবল তার ফোন ও পার্স ছিল না। অন্যদিকে, লিমনের পাসপোর্ট তার বাসায় পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, লিমনের ফোন সর্বশেষ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার বাসার আশপাশে এবং বৃষ্টির ফোন বিকেল ৫টার দিকে ক্যাম্পাস এলাকায় শনাক্ত হয়। তবে সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় এফবিআইকে তদন্তে যুক্ত করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ (আইস) নিশ্চিত করেছে, নিখোঁজ দুজন তাদের হেফাজতে নেই।

লিমন বা বৃষ্টির অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments