Wednesday, July 22, 2026
Homeমাখোঁর সফরের মাঝে বিস্ফোরণে কাঁপল দামেস্ক

মাখোঁর সফরের মাঝে বিস্ফোরণে কাঁপল দামেস্ক

সিরিয়া সফর করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তার এই গুরুত্বপূর্ণ সফরের মাঝেই দুইবার বোমা বিস্ফোরণের দমকে কেঁপে উঠেছে দেশটির রাজধানী দামেস্ক। 

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

টিভিতে প্রচারিত ফুটেজে দামেস্কের আকাশে ঘন ধোঁয়া দেখা গেছে। 

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চার পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৮ ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন। 

এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে জানান, একটি জনবহুল এলাকায় বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। তিনি এই ঘটনাকে একটি ‘ফৌজদারি অপরাধ’ আখ্যা দেন। 

অনলাইনে প্রচারিত অপর এক ফুটেজে একটি জ্বলন্ত গাড়ি দেখা যায়। আল জাজিরা এই ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে। 

আল জাজিরার সংবাদদাতা জানান, ফ্রান্সের পর্যটন মন্ত্রণালয় ভবন ও একটি হোটেলের কাছে বিস্ফোরণ ঘটে। ওই হোটেলেই ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর রাত কাটাবার কথা ছিল। 

তবে বিস্ফোরণের মুহূর্তে তিনি সিরিয়ার নেতা আহমেদ আল শারা-এর সঙ্গে বৈঠকের উদ্দেশে যাত্রা করছিলেন।

মাখোঁর কার্যালয় থেকে জানানো হয়, ‘প্রেসিডেন্ট বিস্ফোরণের শব্দ শোনেননি এবং তিনি যথারীতি তার যাত্রা অব্যাহত রাখেন।‘

প্রেসিডেন্টের প্রাসাদ থেকে আল জাজিরার প্রতিনিধি ওবায়দা হিত্তো জানান, সেখানকার পরিস্থিতি ‘যথেষ্ট শান্ত’। 

কর্তৃপক্ষ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করেছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। 

দামেস্কভিত্তিক নিরাপত্তা বিশেষজ্ঞ ইসমাত আল-আবসি আল জাজিরাকে জানান, বিস্ফোরণের লক্ষ্য স্পষ্ট নয়। 

তিনি বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর গাড়িবহরকে উদ্দেশ্য করে ওই বোমা হামলা চালানো হয়েছে কী না, সে বিষয়টি সম্পর্কে আমরা নিশ্চিত নই। 

‘এটুকু স্পষ্ট যে এই হামলার লক্ষ্য ছিল অস্থিতিশীলতা তৈরি করা এবং নেতিবাচক বার্তা দেওয়া। আমাদেরকে বিষয়টি বুঝতে হবে। নিরাপত্তায় ঘাটতি আছে এবং তা ঠিক করতে হবে। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি যাতে নেতিবাচকভাবে উপস্থাপন না হয়, সেটা নিশ্চিতে এই উদ্যোগ নিতে হবে’, যোগ করেন তিনি। 

গত সপ্তাহে দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণে অন্তত নয় ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments