Friday, May 1, 2026
Homeখেলারাজশাহীতে রানবন্যার প্রত্যাশা জ্যোতির

রাজশাহীতে রানবন্যার প্রত্যাশা জ্যোতির

ইংল্যান্ডে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ নারী দল। সেই লক্ষ্যেই এবার ঢাকার বাইরে রাজশাহীতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনকে স্বাগত জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার বিশ্বাস, রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য সহায়ক হবে এবং এতে করে বড় রান তোলার মানসিকতা গড়ে তুলতে পারবে দল।

আগামী ২০, ২২ ও ২৫ এপ্রিল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচেই তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা খেলোয়াড়দের সহনশীলতার বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। তবে কন্ডিশন যতই কঠিন হোক, জ্যোতির চোখ মূলত ব্যাটিং-সহায়ক উইকেটের দিকেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যেহেতু বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে যাব, আর সেখানে উইকেটগুলো সাধারণত ব্যাটিং সহায়ক, যদিও কিছু ভেন্যুতে স্পিন সাহায্য করে, তাই আমরা এখানে স্পিন-নির্ভর উইকেট চাইনি। আমরা এমন একটি ভালো ব্যাটিং উইকেট চেয়েছি, যেখানে ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে এবং রান করতে পারবে। কারণ রান করার অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।’

রাজশাহীর উইকেট নিয়ে আলাদা করে আশাবাদ প্রকাশ করে জ্যোতি আরও বলেন, ‘অনেক সময় বড় রান হয় না উইকেটের কারণে, কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয়েছে রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য খুবই ভালো। আমি চাই দুই দল থেকেই অনেক রান হোক, কারণ বোর্ডে রান থাকলে দর্শকরা মাঠে আসবে এবং খেলাটা উপভোগ করবে।’

সম্প্রতি ফেব্রুয়ারিতে ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত হয়ে এই সিরিজে নামছে বাংলাদেশ। সেই সাফল্যই তাদের ইংল্যান্ডের মূল আসরে জায়গা নিশ্চিত করেছে। তবে ওয়ানডে ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম সিরিজ গত বছরের হতাশাজনক বিশ্বকাপের পর, যেখানে সাত ম্যাচে মাত্র একটি জয় নিয়ে আট দলের মধ্যে সপ্তম হয়েছিল তারা।

অন্যদিকে, শ্রীলঙ্কা প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক নারী ওয়ানডে সিরিজ খেলতে এসেছে। ২০২৩ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত একমাত্র দ্বিপাক্ষিক সিরিজে জয় পেয়েছিল তারা এবং এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে অপরাজিত রয়েছে, পাঁচটি সমাপ্ত ম্যাচের তিনটিতেই জিতেছে লঙ্কানরা। সর্বশেষ ২০২৫ বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে সাত রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কা।

এই সফরে ওয়ানডে সিরিজের পাশাপাশি ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments