Wednesday, April 29, 2026
Homeসারাদেশশ্রীপুরে স্কুলের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হট্টগোল, বিএনপির ৬ নেতা বহিষ্কার

শ্রীপুরে স্কুলের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হট্টগোল, বিএনপির ৬ নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে স্কুলের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় বিএনপির ৬ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবীর মণ্ডল দ্য ডেইলি স্টারকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব বলেন, এ ধরনের কাজ দল কোনোভাবেই বরদাশত করবে না। একটি স্কুলের অনুষ্ঠানে এমন হাঙ্গামা করা মোটেও ঠিক হয়নি।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু, সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ‘বাঁশবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয়’-এর বিদায় অনুষ্ঠানে অভিযুক্ত ব্যক্তিরা শিক্ষকদের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। প্রাথমিক তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বাঁশবাড়ি আদর্শ উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। লিখিত দাওয়াত না পেয়ে ওই অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সদলবলে উপস্থিত হন। তারা সেখানে গিয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে প্রধান শিক্ষকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীরা প্রধান শিক্ষকসহ বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এই হট্টগোলের মধ্যে একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে গত ২০ এপ্রিল দ্য ডেইলি স্টারের অনলাইন সংস্করণে ‘স্কুলের অনুষ্ঠানে আমন্ত্রণ না করায় প্রধান শিক্ষকের কক্ষে তালা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments