Wednesday, May 6, 2026
Homeআন্তর্জাতিকহান্তাভাইরাস নিয়ে সামগ্রিক জনস্বাস্থ্য ঝুঁকি এখনও কম: ডব্লিউএইচও

হান্তাভাইরাস নিয়ে সামগ্রিক জনস্বাস্থ্য ঝুঁকি এখনও কম: ডব্লিউএইচও

হান্তাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই ‘সামগ্রিক জনস্বাস্থ্য ঝুঁকি এখনও কম’ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ইতোমধ্যে কেপ ভার্দের উপকূলে একটি ক্রুজ জাহাজ থেকে সন্দেহভাজন তিন আক্রান্তকে ডব্লিউএইচও সরিয়ে নিয়েছে বলে জানায় বার্তাসংস্থা এএফপি।

ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসাস বলেন, ‘সন্দেহভাজন তিন রোগীকে জাহাজ থেকে সরিয়ে নেদারল্যান্ডসের দিকে পাঠানো হয়েছে।’

তিনি জানান, সাধারণত সংক্রমিত ইঁদুরের মূত্র, বিষ্ঠা ও লালার মাধ্যমে ছড়ানো এই বিরল রোগ নিয়ে সতর্কতা থাকলেও ‘সামগ্রিক জনস্বাস্থ্য ঝুঁকি এখনও কম।’

প্রতিবেদনে বলা হয়, এমভি হন্ডিয়াস নামের জাহাজটি শনিবার থেকে আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ওই দিন ডব্লিউএইচওকে জানানো হয়, জাহাজটির তিন যাত্রী সম্ভবত হান্তাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ডব্লিউএইচও জানায়, জাহাজটিতে ২৩টি দেশের ৮৮ জন যাত্রী ও ৫৯ জন ক্রু সদস্য রয়েছেন। এখন পর্যন্ত তিনটি সংক্রমণ নিশ্চিত হয়েছে, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও পাঁচজনের ক্ষেত্রে সংক্রমণের সন্দেহ রয়েছে।

তেদ্রোস বলেন, আক্রান্ত বলে সন্দেহ করা দুই ক্রু সদস্যসহ তিনজনকে সরিয়ে নেওয়ার কাজটি ডব্লিউএইচও, জাহাজটির ডাচ অপারেটর ওশেনওয়াইড এক্সপেডিশনস এবং সংশ্লিষ্ট দেশগুলোর সহায়তায় সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, হান্তাভাইরাসের একটি বিরল ধরন মানুষ থেকে মানুষে ছড়াতে পারে। তবে এ ধরনের সংক্রমণ সাধারণত খুব ঘনিষ্ঠ সংস্পর্শে ঘটে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments