Friday, May 1, 2026
Homeবিনোদনএটা আমার ও দেশের জন্য বড় সম্মান: রুনা লায়লা

এটা আমার ও দেশের জন্য বড় সম্মান: রুনা লায়লা

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। গান দিয়ে জয় করেছেন কোটি কোটি মানুষের ভালোবাসা।

বাংলাদেশের গর্ব তিনি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই সঙ্গে বাংলা গান দিয়ে বিশ্বের দরবারে নিজ দেশকে পরিচিত করিয়েছেন এবং সম্মান বয়ে এনেছেন। স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মান পেয়েছেন দেশ-বিদেশ থেকে।

গুণী এই শিল্পী এখনো গানে গানে সরব আছেন।

এবার একসঙ্গে দুটি সুসংবাদ দিচ্ছেন রুনা লায়লা তার ভক্তদের জন্য। 

একটি হচ্ছে নতুন একটি গান করেছেন। ‘অনায়াসে’ নামের গানটি ১৬ মে মুক্তি পাচ্ছে। গানের মিউজিক ভিডিও করা হয়েছে।

এছাড়া, দ্বিতীয় সুখবরটি হচ্ছে তিনি দিল্লি থেকে বড় একটি সম্মান পাচ্ছেন। ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন তিনি। তাকে এই পুরস্কার দেবে দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। 

শুভ দিনটি ৪ মে। ওই দিন দিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস ও আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে উৎসব শুরু হবে।

এই উৎসব শেষ হবে ৮ মে। সেখানেই রুনা লায়লাকে সম্মাননা দেওয়া হবে।

দিল্লিতে পেতে যাওয়া সম্মাননার বিষয়ে রুনা লায়লা বলেন, ‘আমার মনে হয়, এটা আমার সম্মান এবং দেশের জন্য বড় সম্মান। বাংলাদেশের জন্য বড় একটি সম্মান। খুবই আনন্দিত আমি। খুবই খুশি। গর্ব হচ্ছে আমি বাংলাদেশি শিল্পী হিসেবে সম্মানটি পাচ্ছি।’

তিনি বলেন, ‘কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তাকে, ভালোবাসা জানাই আয়োজকদের।’

রুনা লায়লা বলেন, ‘দিল্লি থেকে আয়োজক কমিটির চেয়ারম্যান রাম কিশোর একটি চিঠিতে আমাকে খবরটি জানিয়েছেন। অনেক খুশি আমি। আয়োজনের অংশ হতে পেরে খুব ভালো লাগছে।’

এদিকে, নতুন গানের বিষয়ে রুনা লায়লা বলেন, ‘সত্যি কথা বলতে গানটি সলো গাওয়ার কথা ছিল। পরে বাপ্পা মজুমদারকে নিলাম। এরপর ডুয়েট গান এখন। বাপ্পা শুরুতে ভয় পেল। বলল, আমি গাইব আপনার সঙ্গে?’

তারপর বাপ্পাকে বললাম, ‘অসুবিধা কী? তুমি ভালো গান করো। এভাবেই ডুয়েট গান হলো।’

‘গানটি আসলে নতুন ঢংয়ের। গজল টাইপের গান। এইরকম গান প্রথম গাইলাম। ভালো হয়েছে। সবার ভালো লাগবে। ১৬ মে সবাই শুনতে পারবেন’, যোগ করেন তিনি। 

রুনা লায়লা আরও বলেন, ‘গানের সুর অনেক সুন্দর হয়েছে। গানের কথাও খুব ভালো হয়েছে। এক কথায় আমার কাছে ভালো লেগেছে।’

গানের শিরোনাম ‘অনায়াসে’। গানের কথা লিখেছেন গালিব হাসান। সুর ও সংগীত করেছেন বাপ্পা মজুমদার।
রুনা লায়লা বলেন, ‘গানের কম্পোজিশন অনেক ভালো হয়েছে। গানের কথাও বেশ সুন্দর। সব মিলিয়ে সুন্দর একটি গান আসছে।’

এখনো নিয়মিত গান করে যাচ্ছেন? এর জবাবে রুনা লায়লা বলেন, ‘এটা ওপরওয়ালার রহমত। তার রহমত আছে বলেই গান করতে পারছি। আমি শুধু চেষ্টা ও সাধনা করছি, বাকিটুকু ওপরওয়ালার রহমত। এভাবেই সারাজীবন গান করে যেতে চাই।’

সম্প্রতি সিলেটে একটি শো করে এসেছেন। এই বিষয়ে রুনা লায়লা বলেন, ‘দেড় ঘণ্টার মতো স্টেজে গান করেছি। ভালো একটি শো হয়েছে। দীর্ঘ সময় নিয়ে গান করেছি। এখনো এভাবে গাইতে পারি, এটাও সৃষ্টিকর্তার রহমত।’

ডুয়েট গান নিয়ে ফেসবুকে রুনা লায়লার বার্তা শেয়ার করেন বাপ্পা মজুমদার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments