Sunday, May 3, 2026
Homeখেলাসূর্যকুমারের ‘ছন্দ’ ফিরে পাওয়া নিয়ে আশাবাদী জয়াবর্ধনে

সূর্যকুমারের ‘ছন্দ’ ফিরে পাওয়া নিয়ে আশাবাদী জয়াবর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে মনে করেন, অফ-ফর্মে থাকা সূর্যকুমার যাদব মানসিকভাবে বেশ ‘ভালো অবস্থানে’ আছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বড় কোনো ইনিংস খেলা তার জন্য এখন কেবল সময়ের ব্যাপার।

শনিবার চেন্নাই সুপার কিংসের কাছে মুম্বাইয়ের হারের ম্যাচে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার ফের ব্যর্থ হয়েছেন। তার ব্যাট থেকে এসেছে মাত্র ২১ রান।

মাঠের চারদিকে চার-ছক্কার ফুলঝুরি ছোটানো এই বিধ্বংসী ব্যাটার চলতি আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচে ২০.৩৩ গড়ে মাত্র ১৮৩ রান করেছেন।

সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, ‘আমার মনে হয় কয়েকটা ইনিংসে রান পেলেই সে ছন্দ খুঁজে পাবে। সে (গত ম্যাচে) দারুণ ব্যাটিং করছিল এবং বোলারদের ওপর চড়াও হয়েছিল। আর কয়েক ওভার টিকে থাকলে বড় সংগ্রহ পাওয়া সম্ভব ছিল।’

আউট হওয়ার আগে সূর্যকুমার তিনটি চার ও একটি ছক্কা মারেন। এর আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন তিনি।

শ্রীলঙ্কান ব্যাটিং কিংবদন্তি জয়াবর্ধনে বলেন, ‘সে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত। নিজের পারফরম্যান্সে সে নিজেও হতাশ, তবে তাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে।’

সূর্যকুমারের রান খরা পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকেও বিপাকে ফেলেছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ৯ ম্যাচের ৭টিতেই হেরেছে তারা। ফলে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা এখন সুতোর ওপর ঝুলছে। আরেকটি হার টুর্নামেন্ট থেকে তাদের বিদায় নিশ্চিত করে দিতে পারে।

জয়াবর্ধনে অবশ্য হাল ছাড়ছেন না। তিনি বলেন, ‘আমাদের আরও পাঁচটি ম্যাচ বাকি। যেকোনো কিছু হতে পারে। আমাদের লক্ষ্য ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করা। গাণিতিকভাবে আমরা এখনো ছিটকে যাইনি। আমি লড়াই চালিয়ে যাব এবং দলের ছেলেরাও একই কাজ করবে বলে আমার বিশ্বাস।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments