মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে নৈশভোজে হামলা চেষ্টার পেছনে ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনের বরাতে আজ বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন কোল অ্যালেনের মধ্যে সামাজিক ও রাজনৈতিক ক্ষোভ ছিল প্রবল। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধও তার হামলার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
গত ২৫ এপ্রিল হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে প্রেসিডেন্টের নৈশভোজ অনুষ্ঠানে এই হামলার চেষ্টা হয়।
ডিএইচএসের অফিস অব ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ‘ক্রিটিক্যাল ইনসিডেন্ট নোট’ হিসেবে ওই প্রতিবেদন তৈরি করে। পরে যুক্তরাষ্ট্রের উন্মুক্ত নথি আইনের আওতায় একটি সংস্থা এটি সংগ্রহ করে। সেখান থেকেই নথিটি হাতে পায় রয়টার্স।
এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে ডিএইচএসের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে এমন শঙ্কার পর সর্বশেষ তথ্য অংশীদারদের জানাতেই এ ধরনের প্রতিবেদন তৈরি করা হয়।
গত মঙ্গলবার অ্যালেনের বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলাসহ একাধিক অভিযোগ আনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগে বলা হয়েছে, তিনি নিরাপত্তা চৌকিতে মার্কিন সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালান।
এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং অঙ্গরাজ্যের সীমানা অতিক্রম করে অবৈধভাবে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তিনি আদালতে এসব অভিযোগের জবাব দেননি।
তদন্তের অংশ হিসেবে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখছে বলে জানিয়েছে রয়টার্স।
কর্তৃপক্ষের ভাষ্য, হামলার আগে অ্যালেন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির সমালোচনা করেছিলেন। বিশেষ করে ইরান ইস্যু, অভিবাসন নীতি ও ইউক্রেন যুদ্ধ নিয়ে তার একাধিক সমালোচনামূলক পোস্ট ছিল।
এছাড়া হামলার রাতে আত্মীয়দের কাছে পাঠানো এক ‘ইশতেহারসদৃশ’ বার্তায়ও প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। সেখানে একজন ‘বিশ্বাসঘাতককে’ লক্ষ্যবস্তু করার ইঙ্গিতও ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে তদন্তকারীরা বলছেন, এই মূল্যায়ন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। হামলার পেছনের চূড়ান্ত উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

