নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে অপহরণের চেষ্টার ঘটনায় এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার উপজেলার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ইসরাত জাহান মীম (২০) আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মেয়ে শিশুটির মা মানব পাচার প্রতিরোধ আইনে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শিশুটির কাছে অভিযুক্ত মীম নিজেকে ‘খালা’ পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করেন। পরে মোহনগঞ্জ শহর থেকে মায়ের কথায় মিষ্টি আলু কিনে আনার নামে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে তাকে নিয়ে শহরের পথে রওনা দেন।
এদিকে, সহপাঠীরা বাড়িতে ফিরে এলেও মেয়েকে না দেখে তার মা উদ্বিগ্ন হয়ে ওঠেন। স্বজনরা মোটরসাইকেলে করে বিভিন্ন স্থানে খোঁজ শুরু করলে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে স্থানীয়রা তাদের দুজনকে দেখতে পান। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীমকে আটক করে। মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি হারুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে অপহরণ করে ঢাকায় নেওয়ার পরিকল্পনার কথা জানান মীম। তিনি মানব পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের হয়ে কাজ করেন। পরবর্তীতে শিশুটিকে ওই চক্রের সদস্যদের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল বলেও জানান ওসি।
‘এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য ও কয়েকজন সহযোগীর নাম প্রকাশ করেছেন গ্রেপ্তার তরুণী। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে,’ ডেইলি স্টারকে বলেন ওসি।

