Friday, May 1, 2026
Homeসারাদেশস্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

স্কুলের টাকায় হুইপ দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন উপহার

নাটোরের নলডাঙ্গায় একটি স্কুলের অনুষ্ঠানে সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ধানের শীষের স্বর্ণের কোট-পিন পরিয়ে দিয়েছেন নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন।

উপজেলার শ্রীশচন্দ্র বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে তাকে এ কোট পিন উপহার দেওয়া হয়।

গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘিরে আলোচনা-সমালোচনা চলছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধি অনুযায়ী এটা করা যায় কি না, জানতে চাইলে দ্য ডেইলি স্টারকে ইউএনও আল এমরান খাঁন বলেন, ‘বিষয়টি অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমি ওই অনুষ্ঠানে অতিথি ছিলাম। বিদ্যালয়টি হুইপের বাবার প্রতিষ্ঠান। হঠাৎ করে মাইকে আমার নাম ঘোষণা করা হয়।’

‘আমি আগে থেকে বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। কোনোভাবেই সেটা স্কিপ করতে পারছিলাম না। আমার হাতে আর কোনো অপশন ছিল না। নিরুপায় হয়েই কাজটি করা’, বলেন তিনি।

স্বর্ণের পিনটির ওজন কত জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াসিন আলী ডেইলি স্টারকে বলেন, ‘ওজন কত বলতে পারব না। তবে এটার জন্য মোটামুটি ২৮ হাজার টাকা খরচ হয়েছে। টাকাটা স্কুলের ফান্ড থেকে খরচ হয়েছে।’

স্কুলের ফান্ড থেকে এমন উপহার দেওয়া যায় কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রতিষ্ঠানে জড়িত সবার সঙ্গে আলোচনা করে সংবর্ধনা হিসেবে এটা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হুইপকে সন্তুষ্ট করার জন্য এটি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুবিধা প্রয়োজন হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

খোঁজ নিয়ে জানা যায়, শ্রীচন্দ্র বিদ্যানিকেতন একটি বেসরকারি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়। ১৯৪৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন শ্রীচন্দ্রের ছেলে প্রকৌশলী সঞ্জীব ভট্টাচার্য। তবে ওই সময় বিদ্যালয়টি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাবা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments