Wednesday, April 29, 2026
Homeখেলা২৬৪ রান তাড়া করে জিতে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ল পাঞ্জাব

২৬৪ রান তাড়া করে জিতে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়ল পাঞ্জাব

লোকেশ রাহুলের দুর্দান্ত সেঞ্চুরিতে পাহাড়সম পুঁজি গড়ল দিল্লি ক্যাপিটালস। কিন্তু রান তাড়ায় অবিশ্বাস্য একটি রেকর্ড গড়ে সেই সংগ্রহ টপকে গেল পাঞ্জাব কিংস।

শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লির ২ উইকেটে ২৬৪ রান ১৮.৫ ওভারেই পেরিয়ে গেছে পাঞ্জাব। ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে পাওয়া এই জয়টি কেবল আইপিএল নয়, স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড।

মজার ব্যাপার হলো, রান তাড়ার আগের রেকর্ডটিও ছিল পাঞ্জাবেরই। ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ৬ উইকেটে ২৬১ রানের জবাবে ২ উইকেটে ২৬২ রান তুলে জিতেছিল তারা।

দিল্লিতে শনিবার বিশাল এই লক্ষ্য তাড়ায় পাঞ্জাবকে উড়ন্ত সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। এই দুজনের তাণ্ডবে পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ১১৬ রান তুলে নেয় দলটি, যা আইপিএল ইতিহাসে প্রথম ছয় ওভারে দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। এর আগে ২০২৪ সালে দিল্লির বিপক্ষেই সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ১২৫ রান করেছিল।

১৭ বলে ৫টি ছক্কা ও ২ চারে ৪৩ রান করে ফেরেন প্রিয়াংশ। আর প্রভসিমরানের ব্যাট থেকে আসে ২৬ বলে ৭৬ রানের এক ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৯টি চারের মার। এরপর কুপার কনোলি একটি করে চার ও ছক্কা মেরেই বিদায় নেন।

মাত্র ১৯ রানের মধ্যে এই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় পাঞ্জাব। ম্যাচ তখন প্রায় সমানে-সমান। ঠিক সে সময়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ভুলটি করেন দিল্লির বদলি ফিল্ডার করুণ নায়ার। পরপর দুই ওভারে তিনি লং-অফ এবং লং-অনে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দুটি ক্যাচ ছেড়ে দেন।

ব্যক্তিগত ২৮ ও ৩৫ রানে দুবার জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাতে হয়নি শ্রেয়াসকে। চতুর্থ উইকেটে নেহাল ওয়াধেরার সাথে ৩১ বলে ৫৬ রানের জুটিতে দলকে কক্ষপথে রাখেন তিনি। ভিপরাজ নিগমের যে ওভারে করুণ প্রথম ক্যাচটি ছাড়েন, সেই ওভারেই ১৫ বলে ২৫ রান করে বিদায় নেন ওয়াধেরা। তবে সুযোগ কাজে লাগিয়ে ৩৬ বলে ৭১ রানের এক বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলে দলের রেকর্ড জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন শ্রেয়াস। তার ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ৩টি চার। ফলে ক্যাচ হাতছাড়ার চরম মূল্যই দিতে হয় দিল্লিকে।

অথচ প্রথমে ব্যাট করা দিল্লির ইনিংসটি হতে পারত রাহুলের বীরত্বের গল্প। ১৬টি চার ও ৯টি ছক্কায় ৬৭ বলে ১৫২ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। এছাড়া, ১১টি চার ও ৪টি ছক্কায় ৪৪ বলে ৯১ রান করেন নিতিশ রানা।

দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন ২২০ রানের জুটি, যা আইপিএলের ইতিহাসে যে কোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৬ আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় উইকেটেই ২২৯ রানের জুটি গড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। কিন্তু পাঞ্জাবের রোমাঞ্চকর রান তাড়ায় দিল্লির প্রচেষ্টা শেষ পর্যন্ত বিফলেই যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments