Friday, May 1, 2026
Homeখেলাধন্যবাদ জানিয়ে দলের দারুণ বন্ধনের কৃতিত্ব লিটনকে দিলেন শামীম

ধন্যবাদ জানিয়ে দলের দারুণ বন্ধনের কৃতিত্ব লিটনকে দিলেন শামীম

আগামীকাল শনিবার মিরপুরে অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এর আগের দিন সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বাংলাদেশ দলের ব্যাটার শামীম হোসেন তাকে সমর্থন দেওয়ার জন্য অধিনায়ক লিটন দাসকে ধন্যবাদ জানালেন। পাশাপাশি টি-টোয়েন্টি দলের ক্রিকেটার মধ্যে দারুণ বন্ধন গড়ে ওঠার জন্য অধিনায়ককেই কৃতিত্ব দিলেন তিনি।

গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের সময় প্রথম দুই টি-টোয়েন্টির দল থেকে নির্বাচকরা শামীমকে বাদ দেওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন লিটন। ওই সিরিজের আগে বাংলাদেশের দলনেতা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি জানি না কেন… তবে নির্বাচকরা আমাকে কোনো কিছু অবহিত করা ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে দল থেকে। আমি এতদিন জানতাম যে, একটা দল যখন কেউ পরিচালনা করে, অন্তত অধিনায়ক জানে যে, কোন ক্রিকেটার কখন দলে আসবে, কখন বাইরে যাবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরপর দুটি টি-টোয়েন্টিতে ১ রান করে আউট হওয়ার পর নির্বাচকরা ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে দলে ফিরে এসে শামীম দেখিয়েছেন, ম্যাচে তিনি কতটা প্রভাব ফেলতে পারেন। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ বলে ৩১ রানের অপরাজিত এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামার আগে শামীম তাকে সমর্থন করার জন্য অধিনায়ককে ধন্যবাদ জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেব। একজন অধিনায়ক হিসেবে যেটা করার দরকার ছিল, উনি করেছেন। আমাকে ফিরিয়েছেন। এরপর আমি ভালো খেলতে পেরেছি, এটা অনেক ভালো। অধিনায়কের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে।’

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর লিটন নিজেও অনেকটা পথ পাড়ি দিয়েছেন। কমপক্ষে ২০ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে তিনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। ১৬টি জয়ের বিপরীতে ১৩টিতে হেরেছেন তিনি। বাকি ম্যাচটি হয় পরিত্যক্ত।

দলের এই সাফল্যে লিটনের ভূমিকা নিয়ে শামীম বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা অনেকগুলো সিরিজ জিতেছি। দলের মধ্যে এতে ভালো বন্ধন গড়ে উঠেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা (সবশেষ) বিশ্বকাপ খেলতে পারিনি, কিছু তো করার নেই। অনেক ভালো প্রস্তুতি ছিল আমাদের। সব মিলিয়ে অবশ্যই অধিনায়কত্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments