Wednesday, May 6, 2026
Homeবিনোদন‘যখন অভিনয় করি তখন ভাবনায় আর কিছু থাকে না’

‘যখন অভিনয় করি তখন ভাবনায় আর কিছু থাকে না’

চলতি সময়ের সবচেয়ে আলোচিত, সবচেয়ে দর্শকপ্রিয় একটি ধারাবাহিক নাটক— এটা আমাদেরই গল্প।

পরিচালনা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এই নাটকে মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন মনিরা মিঠু। কাঁদিয়েছেন লাখো দর্শক। তার অভিনয় জীবনের অন্যতম সাড়া জাগানো নাটক এটি।

সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মনিরা মিঠু।

লাখো দর্শক আপনার অভিনয় দেখে কেঁদেছেন এবং প্রশংসা করছেন, বিষয়টি নিয়ে আপনার অনুভূতি কী?

এই প্রশ্নের জবাবে মনিরা মিঠু বলেন, ‘আমি অভিনয়শিল্পী। আমাকে কাজ করে যেতে হবে। এই কাজটিই পারি। তাই অভিনয় করি। অত ভাবি না। তারপরও, সুনাম কিংবা প্রশংসা শুনতে কার না ভালো লাগে? আমারও ভালো লাগে। কাজেই দর্শকদের প্রশংসা আমাকে মুগ্ধ করেছে।’

অভিনয়শিল্পীদের কাছ থেকে কেমন ভালোবাসা পেয়েছেন নাটকটি নিয়ে— জানতে চাইলে মনিরা মিঠু বলেন, ‘পেয়েছি। অভিনেতা অপূর্ব ফোন করে বলেছেন, তোমার অভিনয় এত ছুঁয়ে গেছে! এত জীবন্ত অভিনয় করেছ! অসাধারণ একটা কাজ করেছ। অপূর্বর মন্তব্য ভালো লেগেছে।’

তিনি বলেন, ‘অপূর্বর সঙ্গে “নিহত নক্ষত্র” নাটকে কাজ করেছিলাম। শহীদ আজাদের মায়ের চরিত্র ছিল আমার। যে মা ১৪ বছর ভাত খাননি। ওই কাজটির জন্য বেশ প্রশংসা পেয়েছিলাম।’

মনিরা মিঠু বলেন, যারা কাজ ছেড়ে দিয়েছেন তাদের কাছ থেকে বেশি প্রশংসা পেয়েছি। কেউ কেউ কান্না করেছেন। কেউ কেউ বলেছেন— আমাদের একজন মনিরা মিঠু আছেন! আমাকে আপ্লুত করেছে কথাগুলো। যারা নাটকটি দেখেছেন তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।

‘শিল্পী হিসেবে কিছু কাজ তৃপ্তি দেয় আমাকে। অন্যরকম ভালো লাগা দেয়। “এটা আমাদেরই গল্প” নাটকটি সেরকম’, যোগ করেন তিনি।

বয়সের বিষয়টি তুলে ধরে মনিরা মিঠু বলেন, ‘বয়স হচ্ছে। খুব ভালো কাজের সুযোগ হবে না হয়তো। তারপরও যতটা পারছি করে যাচ্ছি অভিনয়।’

পরিচালক মোস্তফা কামাল রাজ প্রসঙ্গে মনিরা মিঠু বলেন, ‘নাটকটি এতটা সাড়া ফেলতে পারার পেছনে কৃতিত্ব পরিচালক রাজের। রাজ মন দিয়ে নাটকটি নির্মাণ করেছেন। পরিচালক শিল্পীদের স্বাধীনতা দিয়েছেন। সেজন্য সুন্দরভাবে সবাই অভিনয় করতে পেরেছি। তা না হলে ইমোশনাল দৃশ্যগুলো এত চমৎকার করে ফুটিয়ে তোলা সম্ভব হতো না।’

তিনি আরো বলেন, ‘পরিচালক রাজের ক্যারিয়ারে এটি বেস্ট কাজ। অনেক পরিশ্রম করেছেন। অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। আমি মনে করি কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিশ্রম করলে সৃষ্টিকর্তা ফসল দেন। যা রাজ দেখিয়েছেন।’

২২ বছর ধরে অভিনয় করছেন মনিরা মিঠু। অনেক নাটকে অভিনয় করেছেন। অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন। তার অভিনীত বহু নাটক প্রশংসা কুড়িয়েছে। 

তিনি বলেন, ‘দর্শকরা এটা আমাদেরই গল্প আগ্রহ নিয়ে দেখছেন। গল্পটা তাদের স্পর্শ করেছে।’

এটা আমাদেরই গল্প নাটকটি এতটা জনপ্রিয়তা পাবে, সাড়া জাগাবে— কখনো ভেবেছিলেন? জবাবে মনিরা মিঠু বলেন, ‘ভাবনায় ছিল না। যখন অভিনয় করি তখন তা নিয়েই ভাবি। ভাবনায় আর কিছু থাকে না। শুধু ভাবি কাজ করে যেতে হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments