Wednesday, May 6, 2026
Homeবিনোদনগানের মঞ্চ থেকে নাটক-সিনেমার পর্দায় কণ্ঠশিল্পীরা

গানের মঞ্চ থেকে নাটক-সিনেমার পর্দায় কণ্ঠশিল্পীরা

বাংলা বিনোদন অঙ্গনে কণ্ঠশিল্পীদের অভিনয়ে অংশ নেওয়া নতুন কোনো বিষয় নয়। বিভিন্ন সময়ে অনেক জনপ্রিয় শিল্পী নাটক, সিনেমা ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছেন। কেউ কেউ একক অভিনয়ে প্রশংসিত হয়েছেন, আবার কেউ নিয়মিতভাবেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। গানের মঞ্চ থেকে পর্দায়, এই ভিন্নধর্মী যাত্রা অনেক শিল্পীর ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা।

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা অভিনয় করেছেন ‘শিল্পী’ নামের একটি সিনেমায়। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন আলমগীর। সিনেমাটির কাহিনী অনেকটাই তাকে কেন্দ্র করে নির্মিত, এবং প্রয়োজনের খাতিরেই তিনি অভিনয়ে যুক্ত হয়েছিলেন।

হৃদয় খান অভিনয় করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘রূপকথা’ নাটকে, যেখানে তার সহশিল্পী ছিলেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া তন্ময় তানসেন পরিচালিত ‘ক্ষরণ’ টেলিফিল্মে তারিনের বিপরীতেও অভিনয় করেছেন তিনি।

তাহসান খান গানের পাশাপাশি নিয়মিত অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি বড় পর্দায়ও তিনি সফল। ‘যদি একদিন’ সিনেমায় ভারতের শ্রাবন্তী চ্যাটার্জির বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

পার্থ বড়ুয়া বিভিন্ন নাটক ও সিনেমায় অভিনয় করেছেন। ‘আয়নাবাজী’ সিনেমায় তার উপস্থিতি দর্শকের নজর কাড়ে। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত ‘মেইড ইন চিটাগং’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

প্রীতম হাসান সাম্প্রতিক সময়ে অভিনয়ে বেশ আলোচিত। ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ক্যাকটাস, তুমি আমি শুধু’ এবং ‘ঘুমপরী’ ওয়েব কনটেন্টে তার অভিনয় প্রশংসিত হয়েছে। একইসঙ্গে ‘তুফান’ সিনেমার ‘লাগে উড়াধুড়া’ গানে পারফরম্যান্স করেও আলোচনায় ছিলেন তিনি।

জেফার অভিনয় করেছেন বিভিন্ন ওয়েব ফিল্মে। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ ও ‘তুমি আমি শুধু’–তে তাকে দেখা গেছে। এছাড়া ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার।

রাশেদ উদ্দিন আহমেদ তপু মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ এ সিনেমায় অভিনয় করেছেন। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

বালাম অভিনয় করেছেন মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ সিনেমায়। তাকে সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। ইমরান ও আতিয়া আনিসা ‘টগর সিনেমার ও সুন্দরী’ গানে পারফর্ম করেন।

ব্যান্ড তারকা শাফিন আহমেদ ‘রিদম অব লাইফ’ নামের ছয় পর্বের ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অন্যদিকে পড়শী ‘মেন্টাল’ সিনেমায় অভিনয় করেছেন এবং বর্তমানে মাঝেমধ্যে নাটকেও কাজ করছেন।

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এর মেগা এপিসোডে (৫২তম পর্ব) সংগীতশিল্পী আরফিন রুমি ও দোলা রহমান নিজেদের চরিত্রেই অভিনয় করেছেন। সিরিজটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

কণ্ঠশিল্পীদের অতিথি চরিত্রে অভিনয়ের ঘটনাও কম নয়। আজম খান, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কোনাল, সালমা, মিলা—এমন অনেক শিল্পী নাটক ও সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিত হয়ে দর্শকদের আনন্দ দিয়েছেন।

গানের কণ্ঠশিল্পীদের অভিনয়ে অংশগ্রহণ নতুন কিছু না হলেও সময়ের সঙ্গে এটি আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে। সংগীতের পাশাপাশি অভিনয়ে নিজেদের দক্ষতা দেখিয়ে অনেক শিল্পীই দর্শকের কাছে নতুনভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments