রাজধানীর ধানমন্ডিতে দুই আবাসিক ভবনের মাঝ থেকে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) ওই বাড়ির তৃতীয় তলার নিজেদের ফ্ল্যাটে বোনের সঙ্গে থাকতেন। তিনি ১১তলা ভবনটির ছাদ থেকে নিচে পড়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, ৩১ নম্বর বাড়িটির তৃতীয় তলায় ২বি নম্বর ফ্ল্যাটে বোনদের সঙ্গে থাকতেন অর্ণব। তার মা হালিমা বেগম ধানমন্ডির অন্য একটি বাসায় থাকেন। নিহতের বাবার নাম মৃত রফিকুল ইসলাম।
যাত্রাবাড়ীতে বাবার নামে প্রতিষ্ঠিত রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজটি পরিচালনা করতেন অর্ণব। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায়। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় বলেও জানিয়েছে পুলিশ।
পরিবারের বরাতে এসআই রাজিব আরও জানান, অর্ণব মাঝেমধ্যেই ১১তলা বাড়িটির ছাদে উঠতেন। আজ দুপুরেও তিনি ছাদে যান। এর কিছুক্ষণ পর খবর পেয়ে দুই ভবনের মাঝের জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

