Sunday, May 3, 2026
Homeসারাদেশপ্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে মাকালু শৃঙ্গে বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালুতে আরোহণ করেছেন বাবর আলী। এ অর্জনের মাধ্যমে তিনি আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বত সফলভাবে আরোহণের রেকর্ড গড়লেন।

আজ শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই শৃঙ্গের চূড়ায় পা রাখেন।

চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এ অভিযানের আয়োজন করেছিল, শিরোনাম ছিল ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’।

নেপালি সংস্থা ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর মালিক মোহন লামসালের বরাত দিয়ে ভার্টিক্যাল ড্রিমার্স-এর সভাপতি ফারহান জামান দ্য ডেইলি স্টারকে এ সাফল্যের খবর নিশ্চিত করেছেন। চূড়ায় আরোহণের সময় বাবরের সঙ্গে ছিলেন শেরপা পর্বতারোহী আং কামি শেরপা।

নেপালের মহালাঙ্গুর হিমালয় পর্বতমালায় অবস্থিত মাকালু পর্বতটি ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ বা ‘মহা-কালো’ নামেও পরিচিত। এর আগে কোনো বাংলাদেশি এই চূড়ায় পা রাখতে পারেননি। 

এই অর্জনের মাধ্যমে বাবর বিশ্বের ১৪টি আট হাজার উচ্চতার শৃঙ্গের মধ্যে পাঁচটি জয় করলেন, যা অন্য কোনো বাংলাদেশি পর্বতারোহীর নেই।

গত ৭ এপ্রিল বাবর আলী মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়েন। ৯ এপ্রিল নেপালের টুমলিংটারে পৌঁছানোর পর বেস ক্যাম্পে গিয়ে তিনি আবহাওয়া ও উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার (অ্যাক্লাইমাটাইজেশন) কাজ শুরু করেন। 

গত ৩০ এপ্রিল বাবর আলী চূড়া অভিমুখে চূড়ান্ত যাত্রা শুরু করেন এবং সরাসরি ক্যাম্প-২-এ (৬ হাজার ৬০০ মিটার) পৌঁছান। ১ মে দিবাগত মধ্যরাতে ক্যাম্প-৩ (৭ হাজার ৪০০ মিটার) থেকে শুরু করে ১ হাজার ১০০ মিটারের বিপজ্জনক খাড়া পথ পেরিয়ে ভোরে তিনি মাকালুর শিখরে পৌঁছান।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ দিনের শেষভাগে তিনি ক্যাম্প-২ এ নেমে আসবেন এবং ৩ মে’র মধ্যে বেস ক্যাম্পে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

পেশায় চিকিৎসক বাবর আলীর পর্বতারোহণ শুরু ২০১৪ সালে। তিনি ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান সাধারণ সম্পাদক। 

দীর্ঘ এক দশকে তিনি হিমালয়ের বেশ কিছু কঠিন শৃঙ্গে অভিযান করেছেন। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আমা দাবলাম আরোহণ করেন। ২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে আরোহণ করেন। 

২০২৫ সালের এপ্রিলে তিনি অন্নপূর্ণা-১ আরোহণ করেন। একই বছরের সেপ্টেম্বরে কোনো কৃত্রিম অক্সিজেন ছাড়াই আরোহণ করেন মাউন্ট মানাসলু। আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গে কোনো বাংলাদেশির এটিই প্রথম অক্সিজেনবিহীন আরোহণ।

বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গ অভিযানের যে লক্ষ্য বাবর আলী নির্ধারণ করেছেন, মাকালু জয় সেই যাত্রায় তার পঞ্চম বড় অর্জন। 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments