Tuesday, May 5, 2026
Homeসারাদেশকুমিল্লায় বিক্ষোভের মুখে ১২ ঘণ্টা পর থানা থেকে মুক্ত বিএনপি নেতা রেজাউল...

কুমিল্লায় বিক্ষোভের মুখে ১২ ঘণ্টা পর থানা থেকে মুক্ত বিএনপি নেতা রেজাউল কাইয়ুম

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘণ্টা পর মুক্তি দিয়েছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে তাকে কোতোয়ালি মডেল থানা থেকে ছেড়ে দেওয়া হয়। 

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে ডিবি ও কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। এই আটকের প্রতিবাদে ও রেজাউলের মুক্তির দাবিতে দুপুর থেকেই বিএনপির নেতাকর্মীরা কোতোয়ালি থানার সামনে অবস্থান নেন। 

একপর্যায়ে শাসনগাছা টার্মিনাল থেকে ঢাকা ও সিলেটসহ বিভিন্ন রুটে বাস চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকাল ৪টার দিকে আবার বাস চলাচল শুরু হয়।

রেজাউল কাইয়ুম থানা থেকে বের হওয়ার সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উত্বাতুল বারী আবু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সারসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মুক্তির খবরে থানা এলাকায় উপস্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন আগে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিনের গাড়িবহর শাসনগাছা এলাকা দিয়ে যাওয়ার সময় অটোরিকশা চালকরা জিপির নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

রেজাউলের অনুসারীদের সঙ্গে সংসদ সদস্যের সমর্থকদের এ নিয়ে বাকবিতণ্ডা ও পাল্টাপাল্টি ক্ষোভের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের ধারণা, এই ঘটনার জেরেই তাকে আটক করা হয়েছিল।

তবে আটকের কারণ সম্পর্কে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, সিনিয়র অফিসারদের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।

অন্যদিকে থানা পুলিশের তদন্ত কর্মকর্তা শরীফ রাত ১১টার দিকে জানিয়েছিলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাকে আনা হয়েছিল।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম দাবি করেছেন, রেজাউল কাইয়ুম বাস টার্মিনালের ইজারাদার নন এবং তিনি কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নন।

রেজাউল কাইয়ুম সাবেক কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারী হিসেবে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ৫০টিরও বেশি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments